সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামানের একটি কথিত অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।
শেখ মনিরুজ্জামান কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের অনুসারী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে শেখ মনিরুজ্জামানকে ভিডিও কলে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে অভিযোগ করা হচ্ছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, এটি কখন ধারণ করা হয়েছে এবং ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি সম্পাদিত বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শেখ মনিরুজ্জামানের বক্তব্য জানতে চাইলে তিনি ‘গণমাধ্যম কর্মী ’কে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আপনারা বিষয়টি যাচাই করে নেবেন।
তবে এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, তারা বিভিন্ন ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত অনৈতিক ভিডিও দেখেছেন। তাদের দাবি, ভিডিওতে শেখ মনিরুজ্জামানের মুখমণ্ডল ও ছবি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
স্থানীয় কয়েকজন নেতার দাবি, ভিডিওটি সত্যিই শেখ মনিরুজ্জামানের হলে বিষয়টি সাংগঠনিকভাবে তদন্ত করে বিএনপির সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তারা অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণিত হলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।