নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে চৌমুহনী শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক চৌমুহনী শাখার সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় কয়েকটি দফা তুলে ধরেন। দপা গুলো হচ্ছে, অপেশাদার, ব্যর্থ এবং এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে অপসারণ করতে হবে। ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২% শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় শোধ করতে হবে। একইসাথে মূল উদ্যোক্তা ও আদি মালিকদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের ব্যবস্থা গ্রহন করা।
ব্যাংকের পরিচালনা স্বাভাবিক রাখতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা যাবে না এবং অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ বৃদ্ধি/নবায়ন করা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার বিরুদ্ধে সচ্ছতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের অবিলম্বে শনাক্ত করে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে।
এবং লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পাচারকৃত অর্থ উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে গ্রাহক ফোরামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আমাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে, অন্যথায় সামনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।