সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়ার সময় গাছ থেকে পড়ে রহমত আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রহমত আলী উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলী গাইনের ছেলে।
স্থানীয় জেলে রবিন্দ্র মন্ডল জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে রহমত আলী তার নৌকায় করে সুন্দরবনের গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়তে যান। বৃষ্টির মধ্যে কেওড়া গাছে উঠে ফল পাড়ার সময় গাছ ভেজা থাকায় পা পিছলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে লোকালয়ে আনার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, রহমত আলী প্রতিদিন টাকার বিনিময়ে গাছ মালিকদের জন্য কেওড়া ফল পাড়ার কাজ করতেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।