× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবের ভাই পরিচয়ে রামগড়ের ইউএনওর কাছে লাখ টাকা দাবী, প্রতারক আটক

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৮ পিএম

খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম এর কাছে এক লাখ টাকা চাওয়ার অভিযোগে মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক রেজাউল করিম কুমিল্লার চান্দিনা উপজেলার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন।

রাগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম জানান, দুই দিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি ফোন করে তিনি রামগড়ে অবস্থান করছেন বলে জানান। পরে তাকে ইউএনও কার্যালয়ে আসতে বলা হয়।

ইউএনও বলেন, কার্যালয়ে আসার পর ওই ব্যক্তিকে নাশতা দেওয়া হয়। একপর্যায়ে তিনি ইউএনওর বদলির বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। পরে তার কাছে টাকার স্বল্পতা রয়েছে জানিয়ে এক লাখ টাকা ধার চান। তিনি ঢাকায় ফিরে ওই টাকা পরিশোধ করবেন বলেও জানান।

এ সময় ওই ব্যক্তির কথাবার্তায় সন্দেহ হলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তবে সচিব ওই ব্যক্তির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এরপর বিষয়টি নিয়ে আরও সন্দেহ সৃষ্টি হলে রেজাউল করিমের পরিচয় ও অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হয়।

ইউএনও জানান, রেজাউল করিম রামগড়ে অবস্থানকালে থানার ওসির পরিচয় ব্যবহার করে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বলে জানা যায়। তবে রামগড় থানার ওসি ওই ব্যক্তিকে চেনেন না বলে নিশ্চিত করেন। পরে প্রতারণার অভিযোগে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইউএনও কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.