ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে মো. হাবিবুর রহমান নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে ডিইপিজেড কর্তৃপক্ষ, আনসার ও বেপজা সিকিউরিটি গার্ডের সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন।
সকাল ৯টার দিকে মেজর জেনারেল (অব.) মো. সোয়েব মহোদয়ের নেতৃত্বে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। দুপুর ১টার দিকে উচ্ছেদকারী দলের সঙ্গে হকারদের বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে হকাররা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ছোড়া একটি ইটের আঘাতে আনসার সদস্য হাবিবুর রহমানের মাথা ফেটে যায়।
ঘটনার পর দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত আহত সহকর্মীকে উদ্ধার করে বেপজা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন। উচ্ছেদ অভিযানে দুই পিসিসহ মোট ৪৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। উত্তেজনাকর পরিস্থিতিতেও তারা ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন।
দুপুর সোয়া ১টার দিকে উচ্ছেদ অভিযান শেষ হয়। ঘটনার পর ডিইপিজেডের পুরাতন জোন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে ডিইপিজেড কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে নির্বিঘ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। জননিরাপত্তা ও সরকারি-বেসরকারি সম্পদের সুরক্ষায় মাঠপর্যায়ে তাদের এ দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রয়েছে।