পরিবেশবান্ধব আর্থিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবল প্রোডাক্ট ইনোভেশন’ ক্যাটাগরিতে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে বিকাশ।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিকাশ-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এই সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ ব্যবসায়ী এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ডেনমার্ক, সুইডেন ও অস্ট্রেলিয়ার মিশন প্রধানসহ বিশিষ্ট কূটনীতিকেরা এসময় উপস্থিত ছিলেন।
ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের যৌথ আয়োজনে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কার্যক্রমে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে এই সম্মাননা দেওয়া হয়। ডিজিটাল আর্থিক ইকোসিস্টেমে পরিবেশগত দায়বদ্ধতা এবং সামাজিক ক্ষমতায়নকে সফলভাবে সম্পৃক্ত করার স্বীকৃতিস্বরূপ বিকাশকে এই সম্মাননা দেয়া হয়।
বিকাশ প্ল্যাটফর্মে সম্পন্ন হওয়া বার্ষিক প্রায় ১৫০ কোটি (১.৫ বিলিয়ন) ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতি বছর প্রায় ১,২০০ মেট্রিক টন কাগজ সাশ্রয় হচ্ছে। পাশাপাশি, ক্যাশলেস লেনদেন বাড়ায় গ্রাহকদের সশরীরে ব্যাংকিং বা সার্ভিস পয়েন্টে যাওয়ার বাধ্যবাধকতা কমেছে, যা যাতায়াতজনিত কার্বন নিঃসরণ কমাতেও ভূমিকা রাখছে।
পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিকাশ-এর ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। আর্থিক অন্তর্ভুক্তি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ডিজিটাল পদ্ধতিতে বেতন প্রদান, রেমিট্যান্স বিতরণ এবং সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা ও সহায়তা (জিটুপি) বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতা বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৪০ লাখ সুবিধাভোগীর কাছে জরুরি আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে বিকাশ। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য প্রাতিষ্ঠানিক সঞ্চয় ও ডিজিটাল লোন নেওয়ার প্রক্রিয়াও সহজ করেছে এই প্ল্যাটফর্ম।
সম্মাননা প্রাপ্তির বিষয়ে বিকাশ-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, ইএসজি চর্চাকে বিকাশ আলাদা কোনো কর্মসূচি মনে করে না, বরং এটি আমাদের প্রতিটি উদ্ভাবন ও প্রবৃদ্ধির মূল ভিত্তি। আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে পরিবেশ সুরক্ষাতেও যে বড় ভূমিকা রাখা যায়, এই স্বীকৃতি তারই প্রমাণ। এই স্বীকৃতির জন্য আমরা ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ এবং ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশকে ধন্যবাদ জানাই। আরও অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিতে সংযুক্ত এবং একটি টেকসই বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে এই সম্মাননা আমাদের অনুপ্রাণিত করবে।
ভবিষ্যতে টেকসই পরিবেশ নিশ্চিতে প্রযুক্তিভিত্তিক বনায়ন উদ্যোগের পরিকল্পনা করছে বিকাশ, যার মাধ্যমে গ্রাহকদের লেনদেনের মাইলফলকের সাথে বৃক্ষরোপণ ও তা পরিচর্যার সংযোগ তৈরি করা হবে।
উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে ইএসজি কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে ৩২টি প্রতিষ্ঠান এবং ৩ জন ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়। জ্বালানি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা, শ্রমিক কল্যাণ, দক্ষতা উন্নয়ন, লিঙ্গসমতা, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, সাসটেইনেবিলিটি রিপোর্টিং এবং পণ্য ও ডিজিটাল উদ্ভাবনসহ মোট ২০টি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
