× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিশু ধর্ষণের দায়ে নীলফামারীতে এক ব্যক্তির যাবজ্জীবন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদের নাতনির সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘর মোছার কথা বলে শিশুটিকে ঘরের ভেতরে ডেকে নেন মোখছেদ। পরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার কথা শিশুটি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত। মামলাটি দায়েরের প্রায় এক বছরের মধ্যে এর বিচারিক কার্যক্রম শেষ হয়।

মামলার বাদী ও শিশুটির বাবা বলেন, দ্রুত রায় দেওয়ায় তাঁরা বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞ। ভুক্তভোগীরা দ্রুত বিচার পেলে এ ধরনের অপরাধ কমাতে তা ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে মাত্র এক বছরের মধ্যে মামলাটির বিচার শেষ করে রায় দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.