× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলা, গুলিবর্ষণ ও লুটপাট: থানায় অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে শাহানুজ্জামান সেনা (৫১) নামের এক ব্যবসায়ীর বাড়িতে অতর্কিত হামলা, গুলিবর্ষণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে উপজেলার চর রূপপুর ফটু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী শাহানুজ্জামান সেনা চর রূপপুর ফটু মার্কেট এলাকার মৃত আবুল খায়ের প্রামানিকের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী শাহানুজ্জামান জানান, তিনি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে উজান থেকে বাঘার বিভিন্ন মহাল থেকে নৌকাযোগে বালু কিনে নলগাড়ি সড়কের মাথা এলাকায় স্টক করে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মতান্ত্রিকভাবে ব্যবসার জায়গা ইজারা নেওয়ার পরও স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই ব্যবসায় বাধা দিয়ে আসছে।

অভিযুক্ত চক্রের নেতৃত্বে রয়েছে ‘আমেরিকান সুমন’ ও তার অস্ত্রধারী বাহিনীর সদস্য ‘নবী’। এর আগে ‘কালো বিপ্লব’ জুট ডাকাতির ঘটনাতেও এই চক্রটি জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি অভিযুক্তরা বালু ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোই এই ক্ষোভের মূল কারণ বলে দাবি করেন ব্যবসায়ী।

এর আগে গত কয়েকদিন ধরে সুমন ও নবীর নেতৃত্বে একদল ক্যাডার দেশীয় অস্ত্র নিয়ে নলগাড়ি ঘাটে এসে বালু আনলোড করার একটি ডিজেল মেশিন ভেঙে গুঁড়িয়ে দেয়। ঘটনার দিন রাতে ব্যবসায়ীরা নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পর গভীর রাতে এই বর্বরোচিত হামলা চালানো হয়।

শাহানুজ্জামান সেনা জানান, রাতে বাড়ির বারান্দায় অবস্থান করার সময় হঠাৎ পেছনের দিক থেকে শর্টগানের গুলির বিকট শব্দ শুনে তিনি প্রাণ বাঁচাতে দ্রুত পাশের বাড়িতে আশ্রয় নেন। এসময় হামলাকারীরা এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তাঁর বাড়িতে প্রবেশ করে।

হামলাকারীরা সেনার শোবার ঘরে ঢুকে তাঁর স্ত্রীর মাথায় ও বুকে শর্টগান ঠেকিয়ে আলমারিতে থাকা নগদ ৬ লাখ ২০ হাজার টাকাসহ সমস্ত স্বর্ণালংকার লুট করে নেয়। এছাড়া পাশের কক্ষে থাকা সেনার বৃদ্ধ মা এবং অপর এক আত্মীয়ের মাথায় ও পেটে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। যাওয়ার সময় বাড়ির বাইরে রাখা একটি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং অন্তত সাত রাউন্ড বা তার অধিক ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ক্যাডাররা।

ঘটনার পরপরই প্রতিবেশীরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খালি খোসা ও ভাঙচুর করা মোটরসাইকেলের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে ভুক্তভোগী শাহানুজ্জামান সেনা বলেন, “আমি কোনো রাজনৈতিক দ্বন্দ্বে জড়াতে চাই না। আমি একজন সাধারণ ব্যবসায়ী। এটি কোনো রাজনৈতিক বা দুই পক্ষের সংঘর্ষ নয়, বরং একটি সংঘবদ্ধ চক্রের চাঁদাবাজি ও ব্যক্তিগত আক্রোশ থেকে চালানো পরিকল্পিত সন্ত্রাসী হামলা। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালিয়ে ডাকাতি করেছে এবং আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও কঠোর আইনানুগ প্রতিকার চাই।”

তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে আমেরিকান সুমন বলেন, "আমি প্রবাসে থাকি, কিংবা আমার রাজনৈতিক অবস্থান ও পারিবারিক পরিচিতি কোথায়, তা এলাকার সবাই জানেন। যারা এসব ভিত্তিহীন অভিযোগ তুলছেন, তারা মূলত নিজেদের অপরাধ ঢাকতে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে এই কৌশল নিয়েছেন।"

তিনি আরও দাবি করেন যে, চরের ওই নির্দিষ্ট জায়গাটি বৈধভাবে খাজনা পরিশোধ না করে স্থানীয়ভাবে বালি উত্তোলন ও সংরক্ষণ করা হচ্ছে। অথচ অভিযোগকারী ব্যক্তি জোরপূর্বক ও অবৈধভাবে রাতের আঁধারে বালি তোলার চেষ্টা করছেন এবং অন্যের বালির ওপর জোর করে বালি ফেলছেন। বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে, যা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ ও গোষ্ঠীগত বিরোধের ফল। এর সাথে তার বা তার অনুসারীদের কোনো দূরতম সম্পৃক্ততা নেই বলে তিনি স্পষ্ট জানান।

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, একপক্ষীয় বক্তব্য প্রচার না করে প্রকৃত ঘটনা মাঠপর্যায়ে তদন্ত করা হোক। সিসিটিভি ফুটেজ, ভিডিও ক্লিপ এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে ঘটনার পেছনের আসল সত্য উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, গতকাল রাতের গোলাগুলির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাই । লিখিত অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.