× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনএসইউতে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৪ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আজ (১২ সেপ্টেম্বর) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এনএসইউ প্লাজা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৪ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৮৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম, এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। 

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন। 

অনুষ্ঠানে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম। 

প্রধান অতিথি জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা মূলত পাঠ্যভিত্তিক শিক্ষায় বেশি সময় ব্যয় করে। কিন্তু উচ্চশিক্ষার পর্যায়ে তারা অনেক বেশি স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। এই সময় তাদের শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সমাজ ও দেশের প্রতি নিজেদের দায়িত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে। বুদ্ধিমত্তার সঙ্গে সচ্চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।” 

বিশেষ অতিথির বক্তব্যে জনাব এম. এ. কাশেম বলেন, “দেশের মেধাবী তরুণ-তরুণীরা যেন বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য বিদেশমুখী না হয়ে দেশেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ পায়, এ লক্ষ্য থেকেই নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘ পথপরিক্রমায় সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি এখন দেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।”

সম্মানিত অতিথির বক্তব্যে জনাব বেনজীর আহমেদ বলেন, “বর্তমান পৃথিবী আগের যেকোনো সময়ের চেয়ে সম্ভাবনাময়। নিজের সম্ভাবনাকে কখনো ছোট করে দেখবে না। আজকের শৃঙ্খলা, পরিশ্রম ও নিষ্ঠাই আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।”

এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় একটি ভিন্ন মানদণ্ড তৈরি করেছে। তোমরা যখন ক্যাম্পাসে আসবে, তখন বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য যে সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করে, সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবে। শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, নিজেদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার পাশাপাশি একজন দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউ’র উপ-উপাচার্য কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.