হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকায় হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপির দায়িত্বরত সদস্যরা।
শুক্রবার সকাল ১০টার দিকে ডিউটিরত এপিসি মোঃ সুমন রানা ও আনসার সদস্য মোঃ শাকিল বিশ্বাস ক্যানোপি-০১ এলাকায় একটি পরিত্যক্ত হ্যান্ডব্যাগ দেখতে পান। তারা ব্যাগটি নিজ হেফাজতে নিয়ে এর প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে শনাক্ত করে হ্যান্ডব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা হ্যান্ডব্যাগের ভেতরে ২টি পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২ জোড়া স্বর্ণের দুল এবং ২০ রিয়াল নগদ অর্থ ছিল। হারানো মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় ফিরে পেয়ে সংশ্লিষ্ট যাত্রী আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যাত্রীর পরিচয় মোঃ শাকিল হোসেন। তিনি কুমিল্লা জেলার বারুয়া থানার কুমুনিয়া গ্রামের শাহ আলম ও স্বপ্না বেগমের ছেলে।
জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা। বিমানবন্দরে হারানো মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।