সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ. এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ফাইন্যান্সিং বিভাগের প্রধান মোহাম্মদ নিজামুল হক।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ সরবরাহ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই তহবিল গঠন করা হয়। এর আওতায় সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো মাত্র ৯ শতাংশ সুদে অর্থায়ন পাবে।ই-পেপার সাবস্ক্রাইব করুন