গ্রাহকদের সঙ্গে দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দা ও গ্রাহকরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, আপডেট ও প্রয়োজনীয় খবর দ্রুত পেতে পারবেন।
বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরা আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও সুসংগঠিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন লার্জ কর্পোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, বিজনেস সলিউশনস ডিরেক্টর মো. আসাদুজ্জামান এবং হেড অব বিজনেস সলিউশনস নাফিজ আহমেদ সায়ীদ। রূপায়ণ সিটি উত্তরার পক্ষে উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) এবং হেড অব মার্কেটিং মো. খোরশেদ আলম পলেন।
অনুষ্ঠানে রূপায়ণ সিটি উত্তরার নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান হাবিব বলেন, “বাংলাদেশে প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে রূপায়ণ সিটি উত্তরা তার সম্মানীয় বাসিন্দা ও গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন সুবিধা উদ্যোগ নিয়ে থাকে। বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার সাহায্যে গ্রাহকদের আরও সংযুক্ত, অবগত ও সম্পৃক্ত রাখা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “এই অংশীদারিত্ব শুধু যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; এটা আমাদের গ্রাহকদের জন্য আরও সহজ, উন্নত ও সংযুক্ত গ্রাহক অভিজ্ঞতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে গ্রাহকদের যোগাযোগ আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির মতে, বাংলালিংকের ডিজিটাল যোগাযোগ অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে গ্রাহকসেবার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এ উদ্যোগের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে বাসিন্দা ও গ্রাহকদের দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রূপায়ণ সিটি উত্তরা শুরু থেকেই আধুনিক আবাসন ব্যবস্থার পাশাপাশি বাসিন্দাদের জন্য বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় নতুন এই অংশীদারিত্বকে গ্রাহকসেবা উন্নয়নের আরেকটি পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।