× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবালয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩ পিএম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ব্যাংকের সার্বিক সংস্কার ও অগ্রগতি বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।


সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।


সভার শুরুতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনায় ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।


সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা উত্তরণে প্রয়োজনীয় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা ও অগ্রগতি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সম্ভাবনাময় ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের জন্য অধিকতর কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।


আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সংস্কার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয় এই সভায়। এর মধ্যে ব্যাংকের শূন্য পদে জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করা, অভিজ্ঞ ও দক্ষ জনবলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, পরিশোধিত মূলধন বৃদ্ধি, বিদ্যমান প্রবিধানমালা আধুনিকায়ন, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের প্রকৃত কারণ নিরূপণ, অবলোপনকৃত ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য সার্কুলার অনুসরণ করে কার্যকর ও প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকের সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ২০২৯ সালের মধ্যে HR Automation/ERP বাস্তবায়নের মাধ্যমে কর্মী-সংক্রান্ত সেবা আরও দ্রুত, স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।


উক্ত সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ও সুশাসনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একটি দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও টেকসই আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বৃহৎ আনসার-ভিডিপি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।


মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি; মোঃ সাঈদ কুতুব; আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, এনডিসি; যুগ্মসচিব ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.