× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে অবৈধ বালু খেকোদের আস্তানায় অভিযান, দুইজনকে আটক করে ৩ মাসের কারাদণ্ড

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বালু খেকোদের আস্তানায় ফের  অভিযান চালিয়েছে প্রশাসন। এসময়  অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে দু'জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন প্রশাসন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে চালানো ওই অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের উপস্থিতি যাতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগে টের না পায়, সে লক্ষ্যে তারা সিএনজিযোগে পৃথক একটি দলকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনের জন্য পাঠানো হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় । পরবর্তীতে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ সাইটুলা গ্রামের সিপেন কুর্মী (২৮), পিতা: বলরাম কুর্মী ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামে দু'জনকে হাতেনাতে আটক করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। উভয় মামলায় তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ওদিকে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা আদালতে বিচারাধীন।

সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল  মিনহাজুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.