× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে আ.লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৬ পিএম

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে এই মিছিলের জের ধরে বিকেলে অভিযান চালিয়ে সূর‌্য প্রামানিক নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সূর‌্য প্রামানিক (৪৫) ঈশ্বরদী পৌরসভার অরণকোলা এলাকার নূর মোহাম্মদ ওরফে রুনুর ছেলে এবং তিনি পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়া তিনি ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র হাশেম কমিশনারের আপন চাচাতো ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সামনে রেখে ও পাবনা যুবলীগের কমিটিকে সংবর্ধনা জানিয়ে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও হাবিবুর রহমানের নির্দেশনায় ভোররাতে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের হাড়ুখালি এলাকায় এই ঝটিকা মিছিল বের করা হয়।

এসময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাশুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসরাইল, পাকশী ইউনিয়ন যুবলীগের মিরাজ হাসান, আরিফ বিশ্বাস , তুহিন প্রামানিক, সোহেল, ফিরোজ প্রমূখ।

মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ, স্থানীয় কমিশনার হাশেম ও তার ভাই হাব্বুলসহ স্থানীয় নেতাদের নামে স্লোগান দিয়ে মিছিলটি অরণকোলা মোড়ে গিয়ে শেষ হয়।

ভোররাতের এই ঝটিকা মিছিলের ভিডিও ও তথ্য পর্যালোচনা করে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে পৌরসভার অরণকোলা সিমেন্ট মিলের সামনে থেকে সূর‌্য প্রামানিককে গ্রেফতার করে ঈশ্বরদী থানা ও আমবাগান পুলিশ ফাঁড়ির যৌথ দল।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, সকালে হওয়া মিছিলের জের ধরে সূর‌্য নামের এক আওয়ামী লীগ কর্মীকে প্রথমে ফাঁড়িতে এবং পরবর্তীতে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, মামলার মূল নথি ডিবি পুলিশের কাছে থাকায় সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা এই মুহূর্তে নিশ্চিত বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.