মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমীন কবির।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার পরিকল্পনা তুলে ধরে বলেন, "ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এছাড়া বেদখল হওয়া খাল ও খাস জমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠের মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকার সুজন মোল্লা, বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার, আলোকিত বাংলাদেশের মাহমুদুল হাসান, দৈনিক জাতীয় খবরের ইমরান হোসেন ও আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা প্রমুখ।
তারা ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতি, বিভিন্ন সমস্যা, দালাল চক্রের দৌরাত্ম্য, ভূমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা এবং সেবা প্রত্যাশী সাধারণ মানুষের হয়রানির বিষয়ে এসিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় এসিল্যান্ড ভূমি অফিসের বিদ্যমান সমস্যা, অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং এসব কাজে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, দৈনিক জনকণ্ঠের হাবিবুর রহমান রাজিব, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, জিএম টিভির আব্দুল গফুর, মুভি বাংলার ছানোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান। এছাড়াও দৈনিক আলোকিত সকালের সোহেল রানা, নববাণীর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিব উপস্থিত ছিলেন।