মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক টমটমচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯৭ নম্বরের একটি বালুবাহী ড্রাম ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতরভাবে জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত মান্নানকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি সিন্দুরখান রোড এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ড্রাম ট্রাকটি জব্দ করে। ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়া (৩০)কে আটক করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।