× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাতে অসহায়দের দুয়ারে সাংবাদিক-ওসি, খাদ্য ও আর্থিক সহায়তা

মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

দিনের ব্যস্ততা শেষে রাতের নীরবতায় অসহায় ও দরিদ্র মানুষের খোঁজে বাড়ি বাড়ি ছুটেছেন এক সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তা। কোনো আনুষ্ঠানিকতা কিংবা আয়োজন নয়, নীরবে অসুস্থ, হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা।

মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের বিভিন্ন এলাকায় এ মানবিক উদ্যোগে অংশ নেন সিনিয়র সাংবাদিক সাব্বির সামী মুহিত ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।

তারা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে অসুস্থ ও দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের পারিবারিক অবস্থা, চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পরে প্রয়োজন অনুযায়ী কয়েকটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।

সিনিয়র সাংবাদিক সাব্বির সামী মুহিত বলেন, “সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা অভাব ও অসুস্থতার কারণে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক সময় তারা নিজেদের সমস্যার কথা কাউকে বলতে পারেন না। তাদের পাশে দাঁড়াতে পারলে এবং সামান্য সহযোগিতায় যদি তাদের কষ্ট কিছুটা লাঘব হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব।”

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ বলেন, “পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা নয়; মানুষের বিপদে পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় মানুষের কাছে সরাসরি গিয়ে তাদের সমস্যার কথা শুনলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানা যায়। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করছি। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিরাও যদি অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও মানবিক হয়ে উঠবে।”

স্থানীয়রা জানান, সাধারণত সহায়তা কার্যক্রম বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে হয়ে থাকে। তবে রাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের খোঁজ নেওয়া এবং তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার উদ্যোগটি ব্যতিক্রমী। এতে প্রকৃত অসহায় পরিবারগুলো সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, আরটিভির জীবননগর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিনিধি রমজান আলীসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.