চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকা থেকে বোটে বোঝাই অবস্থায় মালিকবিহীন ৪১০ বস্তা সার উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কুমিরা ঘাটঘর এলাকায় একটি বোটে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার পড়ে থাকতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে বোট থেকে ৪১০ বস্তা সার উদ্ধার করা হয়। বুধবার দুপুর ২টার দিকে উদ্ধার করা সারগুলো সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।
স্থানীয়দের ধারণা, সারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বোটে মজুদ করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সারের মালিকানা ও এর উৎস শনাক্তে তদন্ত চলছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, উদ্ধার করা সারের মালিকানা ও উৎস সম্পর্কে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।