কর্পোরেট ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য শক্তিশালী এবং নিরাপদ মোবাইল ব্যাংকিং সল্যুশন হিসেবে ‘কর্পনেট’ মোবাইল অ্যাপ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই অ্যাপের মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা লেনদেন অনুমোদন, অ্যাকাউন্ট মনিটরিং এবং যেকোনো জরুরি আর্থিক তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন।
অ্যাপটিতে একসঙ্গে একাধিক লেনদেন অনুমোদনের সুবিধা রয়েছে, যা অধিকসংখ্যক লেনদেন পরিচালনাকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে। ব্যবহারকারী গ্রাহকরা অ্যাকাউন্ট ব্যালেন্স ও লেনদেনের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন, যা তাদের আর্থিক কার্যক্রম সম্পর্কে হালনাগাদ ধারণা দেবে। পাশাপাশি পুশ নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ লেনদেন-সংক্রান্ত তথ্যও জানতে পারবেন।
অ্যাপটির মাধ্যমে কর্পোরেট গ্রাহকরা এমআইএস রিপোর্টও দেখতে পারবেন, যা তাদের ব্যাংকিং কার্যক্রম পর্যবেক্ষণসহ সময়োপযোগী ও তথ্যভিত্তিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
কর্পোরেট ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় অ্যাপটিতে একাধিক স্তরে নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করা হয়েছে। বায়োমেট্রিক লগইন সুবিধা অ্যাপটিতে দ্রুত ও সুবিধাজনক অ্যাকসেস নিশ্চিত করবে। অন্যদিকে, টোকেনভিত্তিক লেনদেন অনুমোদন, ডিভাইস বাইন্ডিং এবং সেশন-লেভেল সুরক্ষা কর্পোরেট ব্যাংকিং কার্যক্রমকে নিরাপদ ও সুরক্ষিত রাখবে।
অ্যাপটির বিস্তারিত ‘অডিট ট্রেইল’ প্রতিটি লেনদেন এবং অনুমোদনের কার্যক্রমকে স্পষ্টভাবে ট্র্যাক করার সুবিধা দেয়, যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের বিদ্যমান ‘কর্পনেট’ প্ল্যাটফর্মের পরিপূরক হিসেবে কাজ করবে এই নতুন ‘কর্পনেট মোবাইল অ্যাপ’। গ্রাহকরা এখন মোবাইল ডিভাইসেই মাধ্যমেই প্রয়োজনীয় লেনদেন অনুমোদন, অ্যাকাউন্ট মনিটরিং এবং রিপোর্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। মোবাইল ব্যবহারের সুবিধার সঙ্গে এন্টারপ্রাইজ-পর্যায়ের নিরাপত্তা ও তদারকি সমন্বয়ের মাধ্যমে অ্যাপটি নিয়ন্ত্রণ ও সুশাসন অক্ষুণ্ন রেখে কর্পোরেট গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় আরও বেশি নমনীয়তা ও স্বাধীনতা দেবে।
এই উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্যবসার ক্ষেত্রে বিলম্বিত অনুমোদন মানে হতে পারে একটি বিলম্বিত পেমেন্ট, শিপমেন্ট বা হাতছাড়া হয়ে যাওয়া বড় কোনো সুযোগ। ‘কর্পনেট’ মোবাইল অ্যাপটি কর্পোরেট গ্রাহকদের যেকোনো স্থান থেকে যেকোনো সময় লেনদেন অনুমোদন এবং আর্থিক তথ্যের রিয়েল-টাইম পর্যবেক্ষণ সুবিধা নিশ্চিত করবে। এটি সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। কর্পনেট মোবাইল অ্যাপ চালু দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য আরও দ্রুত, স্মার্ট ও কার্যকর ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেম গড়ে তোলার ব্যাপারে আমাদের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।”
এই অ্যাপটি চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, বর্তমান বিশ্বের তীব্র গতিশীল ব্যবসায়িক পরিবেশে প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিক জটিলতা কমাতে, আর্থিক সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করতে এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং কার্যক্রম অত্যন্ত নিরাপদে পরিচালনা করতে সহায়তা করা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
