মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদক বিরোধী যুব সমাজ’-এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকাল ৫ ঘটিকার সময় ভানুগাছ রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে মাদক বিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১০ নম্বর রোড মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।
মাদক বিরোধী যুব সমাজ কমলগঞ্জের সভাপতি সৈয়দ রুমন আলীর সভাপতিত্বে এবং উপদেষ্টা সৈয়দ জামাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।
সমাবেশে আরও বক্তব্য দেন মাদক বিরোধী যুব সমাজের সিনিয়র সহ-সভাপতি ভূঁইয়া রাজন রেজা, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হাসান বক্ত, ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ এবং ছাত্রনেতা মিল্লাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে ‘মাদক বিরোধী যুব সমাজ’ সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।