× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাসিক নির্বাচনে ডাবল হ্যাট্রিক প্রার্থী, নগর পিতার আসনে আসীন হবে কে?

রাজশাহী ব্যুরো

৩০ আগস্ট ২০২৬, ২১:৩৬ পিএম

একজন নয়, দুইজন নয়; তিন-চারও নয়; একলাফে ছয়জন। অনুসারিদের নিজস্ব মনকাঙ্খা পূরণে ইতোমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নিজেদের পছন্দের প্রার্থীদের প্রচারণা। আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাসিকের সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় উঁকিঝুঁকি দিচ্ছে ছয়জন। বিগত কয়েকমাস ধরে নতুন নতুন প্রার্থীর সংযোজনে প্রতিনিয়তই বড় হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকার পরিসর। প্রথমদিকে কয়েকজনের নাম চাউর হলেও; দিনকে দিন সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ছয়জনে। একই দল থেকে মেয়র পদে ডাবল হ্যাট্রিক প্রার্থীর বিষয়টি নগরীজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনীতিতেও বিষয়টি নিয়ে চলছে নানাকথন।

নগর রাজনীতির প্লাটফর্মে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৫ সালের ১ নভেম্বর রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা হয়। ঘোষণার পর থেকেই নগর পিতার আসন পেতে অনেকেই ব্যাকুল হয়ে পরেন। নবজাতক তুল্য সেই নতুন কমিটির বয়স যতই এগিয়েছে; পরবর্তী রাসিক নির্বাচন নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে মেয়রপ্রার্থীর দলীয় মনোনয়নের বিষয়টি বলে মন্তব্য নগর বিএনপি ও তৃণমূলের নেতাকর্মীদের। সেটার সত্যতাও উন্মোচিত হয় কখনো ধীরে আবার কখনোবা ওপেন সিক্রেটের মতো ঝড়ের বেগে। কমিটি ঘোষণার মাত্র সাত-আট মাসের মাথায় রাসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় ভেঁসে বেড়াচ্ছে ‘ডাবল হ্যাট্্িরক’ সংখ্যা। রাজনীতির প্লাটফর্মে বিষয়টি ধনাত্মক হিসেবে বিবেচনা করা হলেও; ক্রিকেটের ভাষায় কিন্তু দুর্লভ প্রাপ্য।

মহানগর কমিটি থেকে মোট চারজন পদধারী নেতা সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে ভাসছে স্যোশাল মিডিয়ায়। অনুসারি ও দলের নেতাকর্মীদের পক্ষে বিপক্ষে ছুড়েদেয়া মন্তব্যে বেশ জমে উঠেছে স্যোশাল মিডিয়ার স্থানীয় নেটিজেনদের নানা প্লাটফর্ম। উক্ত কমিটি থেকে যারা প্রার্থী তালিকায় ঝড় তুলছেন তাঁরা হলেন, সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি ওলিউল হক রানা ও সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। এছাড়াও সম্ভাব্য মেয়রপ্রার্থীর তালিকায় আছেন সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। অঙ্গসংগঠণের উদীয় এক নেতার নাম মাঝেমধ্যেই জানান দিচ্ছে মেয়র প্রার্থী হিসেবে। রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র অনুসারিদেরও মনকাঙ্খার বহিঃপ্রকাশ ঘটেছে প্রচার প্রচারণার মধ্য দিয়ে। সবমিলিয়ে আসন্ন ৮ম রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী তালিকায় ইতোমধ্যেই যুক্ত হয়েছে ডাবল হাট্রিকের ছয় সংখ্যা। বিষয়টি এখন স্থানীয় রাজনৈতিক পরিমন্ডলসহ ভোটারদের মাঝে ‘টক-অব-দ্য’ সিটিতে মুখরোচক আইটেমে পরিণত হয়েছে।

দীর্ঘদিনের অপেক্ষার পর নগর পিতার ‘আসনে আসীন’ হবার সুযোগকে কেউই চাচ্ছেননা অতিসহসায় হাতছাড়া করতে বলে মন্তব্য তৃণমূলের নেতাকর্মী ও অনুসারিদের। এটাকে অনেকেই বলছেন, রাজনীতিতে দীর্ঘসময়ের ত্যাগ-তিতিক্ষা ও অর্জিত যোগ্যতার মাপকাঠিতে দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হবার ইচ্ছা পোষণের বিষয়টি একটি অধিকার। এছাড়াও বিষয়টি গণতান্ত্রিকতার মাপকাঠিতে একটি ‘পাবলিক রাইটস (রাষ্ট্রীয় অধিকার)’ তুল্য। তাই দলের ভেতর গণতন্ত্রের বাঁধাহীন চর্চার জন্য একাধিক প্রার্থী হবার বিষয়টি সর্বদাই পজিটিভি বলে মন্তব্য অনেকের। তবে, বিষয়টি রাজনৈতিকভাবে বেশ উপভোগ্য হলেও; বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্বাচনের মাধ্যমে জয় পরাজয়ের দ্বারকে এটি বাঁধাগ্রস্থ করতে পারে বলে মন্তব্য সিনিয়র নেতাকর্মীদের। কারণ একই দলের একাধিক প্রার্থীর দৌড়ঝাপ; স্থানীয়ভাবে মাঠের রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার পাশাপাশি ভোটযুদ্ধে মাঠ গোছানোর বিষয়টিকে অনেকবেশি কঠিণ ও চ্যালেঞ্জিং করে তোলে।      

এদিকে, সম্ভাব্য মেয়র প্রার্থীদের অনেকেই সরকারের বিভিন্ন সংস্থা ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ইতোমধ্যেই স্বল্প মেয়াদে যুক্ত হয়েছেন। চলতি বছরের ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। এর আগে, একই বছরের জুন মাসে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এবং মহানগর যুবদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সুইট রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তারও আগে গত ১৪ মার্চ’ ২০২৬ তারিখে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর যুবদলের সভাপতি মো. মাহফুজুর রহমান রিটন-কে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই তিনজনের মধ্যে দুজন রয়েছেন সর্বোচ্চ হেভিওয়েট প্রার্থীর তালিকায় বলে মন্তব্য তৃণমূলের। অন্যদিকে, মহানগর বিএনপির সভাপতি হেভিওয়েট প্রার্থীর তালিকার উপরের সারিতে করছেন অবস্থান। আর বাকীরা রয়েছেন মেয়রপ্রার্থীর তালিকায় তৃণমূলের পছন্দের মণিকোঠায়। এই ডাবল হ্যাট্রিক প্রার্থীর বেড়াজালে আবর্তীত রাজশাহী মহানগর বিএনপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.