ফরিদপুরে আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট করেছে। ওই সময়ে স্বাস্থ্যসেবার মান তো বাড়েইনি, উল্টো হাসপাতালগুলোতে ভুক্তভোগীরা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। তবে বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। দেশের স্বাস্থ্যসেবার প্রকৃত মান স্বচক্ষে দেখতেই তিনি সারা দেশের হাসপাতালগুলো পরিদর্শন করছেন।
সকাল ১১টার দিকে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি টিকিট কাউন্টারের লাইনে দাঁড়ানো সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নার্সিং ডিউটি রুম, টয়লেট, রান্নাঘর এবং ওষুধের স্টোররুমসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। মন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা চিকিৎসক ও জনবল সংকট, নোংরা পরিবেশসহ চিকিৎসা নিতে এসে নানা অনিয়ম ও দুরবস্থার কথা তুলে ধরেন।
ভুক্তভোগী রোগীদের এসব অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে দায়িত্বে অবহেলার কারণে ৩ জন সিনিয়র সেবিকা রিনা রানী বিশ্বাস, সুস্মিতা কীর্তনীয়া এবং শামীমা আক্তারকে অন্যত্র বদলির নির্দেশ দেন মন্ত্রী।
এছাড়া হাসপাতালে ওষুধের সংকট নিরসনে তিনি সরাসরি ইডিসিএল-এর (EDCL) এমডিকে ফোন করে দ্রুত ওষুধের ঘাটতি মেটানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনাও প্রদান করেন তিনি।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের আগে মন্ত্রী জেলার চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিও পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিনুর রহমান সরকার, ডা. হাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার (৩০ আগস্ট) সকালে ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।