ছবি: সংবাদ সারাবেলা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদার বিনিময়ে একটি করে ল্যাট্রিন দেওয়ার কথা রয়েছে। তবে টাকা জমা দেওয়ার বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন জীবননগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা। এরই মধ্যে নির্ধারিত ৫ হাজার টাকার বাইরে আরও ৫০০ টাকা অতিরিক্ত নিয়ে মোট ৫ হাজার ৫০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ১ ডিসেম্বর ২০২৫ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য ল্যাট্রিনের ব্যবস্থা করার কথা উল্লেখ রয়েছে। প্রকল্পের আওতায় সুবিধাভোগীর চাঁদার পরিমাণ ৫ হাজার টাকা বলে জানা গেছে।
তবে অভিযোগ রয়েছে, মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সুবিধাভোগীদের কাছ থেকে ল্যাট্রিনের জন্য ৫ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকজন সুবিধাভোগীর কাছ থেকে ল্যাট্রিন বাবদ ৫ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মানিকপুর গ্রামের এক সুবিধাভোগী মোহাম্মদ (ছদ্মনাম) বলেন, “প্রায় ছয় মাস আগে ল্যাট্রিন বাবদ মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিবের কাছে ৫ হাজার ৫০০ টাকা জমা দিয়েছি। টাকা দেওয়ার পর কোনো রশিদ দেওয়া হয়নি।”
নাম প্রকাশে অনিচ্ছুক মনোহরপুর ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য বলেন, “ইউপি সদস্যদের একটি করে ল্যাট্রিন বরাদ্দ দেওয়া হয়েছে। ল্যাট্রিনের জন্য ইউনিয়ন পরিষদ ৫ হাজার ৫০০ টাকা নিয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরপুর ইউনিয়নের এক প্রতিনিধি বলেন, আমার এক পরিচিত জনের কাছ থেকে “সচিব শাহীন মোল্লা ল্যাট্রিন বাবদ ৫ হাজার ৫০০ টাকা নিয়েছেন।”
অভিযোগ অস্বীকার করে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. শাহীন মোল্লা বলেন, “টাকা গ্রাহকের কাছে আছে, পারসোনাল কোনো টাকা আমাদের অফিসে নাই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমাদের কাছে তালিকা চেয়েছে, আমরা শুধু তালিকা দেব। সরাসরি আমার কাছে টাকা দিয়েছে এম কোনো তথ্য নেই, এটা কেউ প্রমাণ করতে পারবেন না।
ইউপি প্রশাসক মো. নূর আলম বলেন, "ল্যাট্রিন সুবিধাভোগীরা তাঁদের নির্ধারিত ফি সরাসরি ব্যাংকে জমা দেবেন। ইউনিয়ন পরিষদ এ বিষয়ে কারো কাছ থেকে নগদ টাকা নিয়েছে এমন তথ্য বা অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জীবননগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা বলেন, “ল্যাট্রিনের টেন্ডার হয়েছে, তবে এখনো কাজ শুরু হয়নি। ল্যাট্রিনের চাঁদা ৫ হাজার টাকা। এই টাকা জমা দেওয়ার জন্য এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ঠিকাদার কাজ শুরু করলে এবং টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলে তখন গ্রাহক নিজে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেবেন।” অতিরিক্ত ৫০০ টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়টি আমার জানা নেই।”
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এটা জনস্বাস্থ্যর বিষয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
