রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক বিশেষ অভিযানে চারজন বহিরাগত ছিনতাইকারী ও মাদকসেবীকে আটক করেছে আনসার সদস্যরা। গত ২৩ আগস্ট ২০২৬ (রবিবার) রাত আনুমানিক এগারোটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের শেরে বাংলা নগর থানার হৃদরোগ হাসপাতালের আনসার টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
হাসপাতালের নিরাপত্তা রক্ষায় পিসি মো: আমিনুল হক ও এপিসি মো: রফিকুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন। তাদের সাথে সাহসিকতার সঙ্গে অংশ নেন আনসার সদস্য হাসান হাওলাদার, মোল্লা সাজ্জাদ, সুমন মিয়া, আমিনুল ইসলাম, ছাদিয়ার ও শরিফুল হাসান। তারা হাসপাতালের সামনের বাগান ও আশপাশ এলাকা থেকে আল আমিন (৪৫), মানিক (২৫), সুমন (২৬) ও সাজ্জাদকে (২২) মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করেন।
অভিযান শেষে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। সরকারি হাসপাতালের ভেতরে ও সামনে চোর, ছিনতাইকারী এবং মাদকসেবীদের উৎপাত বন্ধে এমন তাৎক্ষণিক পদক্ষেপ সাধারণ রোগী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
দেশের সরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা বিধানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়মিত কাজ করছেন। নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে তারা প্রতিনিয়ত এমন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।