বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ও ফিৎনা সৃষ্টিকারী আখ্যা দিয়ে সদ্য নিয়োগ পাওয়া মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা শাহ আলমের অপসারণ চায় এলাকাবাসী।
শনিবার (২২ আগস্ট) বিকাল ৫ টার দিকে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ করে ওই ইমামের নিয়োগ বাতিল করে তাঁর অপসারণের দাবিতে জগন্নাথপুর এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এ ঘটনায় গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।
ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের জগন্নাথপুর এলাকায় জেলা মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে যোগ দেন জেলা সদরের বিভিন্ন কওমি মাদ্রাসার আলেম, শিক্ষক, মাদ্রাসা শিক্ষার্থী সহ এলাকার শতাধিক মুসল্লী।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সদ্য নিয়োগ পাওয়া জেলা মডেল মসজিদের ইমাম এলাকায় ফিতনা সৃষ্টি করছেন। অথচ তাঁর দ্বায়িত্ব হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং ফিতনা সৃষ্টি হয় এমন কাজ পরিহার করা। বক্তারা অভিযোগ করেন, ওই ইমাম দীর্ঘদিন ধরে বিগত ফ্যা'সি'স্ট সরকারের দোসর হিসেবে পরিচিত। এ পরিস্থিতিতে সাধারণ মুসল্লীদের মধ্যে বিভ্রান্তি ও ফিৎনা সৃষ্টি করে আসছিলেন। তার এমন বিতর্কিত ভূমিকার কারণে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন,বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে ইমাম মাওলানা শাহ আলমকে অবিলম্বে মডেল মসজিদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। বিগত দিনে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে তার ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মসজিদের ভাবমূর্তি ও পবিত্রতা রক্ষায় দ্রুত একজন যোগ্য ও দল নিরপেক্ষ আলেমকে নতুন ইমাম হিসেবে নিয়োগ দিতে হবে। এসব দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচি পালনের আহবান জানান বক্তারা।
এলাকার বিশিষ্ট আলেম ও জগন্নাথপুর শাহী ঈদগাহ এর সাবেক ইমাম মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা আল আমীন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য শাহ হেলাল শাহেল, বাবুল মিয়া, জয়নাল আবেদীন কাজল, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফারুক আহমেদ, দারুল উলুম মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলাম ও মাওলানা লোকমান আহমেদ।