× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে 'স্তব্ধ রংপুর', সর্বস্তরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২০ আগস্ট ২০২৬, ১৭:২২ পিএম

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে 'স্তব্ধ রংপুর' কর্মসূচি এবং সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। এ কর্মসূচি থেকে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন ও হয়রানি বন্ধ করাসহ পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবি জানানো হয়। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়েছে। এতে সর্বস্তরের সাধারণ মানুষসহ বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ অংশ নেয়।

আধা ঘণ্টার 'স্তব্ধ রংপুর' কর্মসূচি শেষে নগরীর শাপলা চত্তর ও জাহাজ কোম্পানি মোড়ে দুইটি সমাবেশ অনুষ্ঠিত হয়। শাপলা চত্তরে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মির্জা বাবর বাবুল, আবু ছালেক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শাহিদুল ইসলাম সুমন, প্রিপেইড মিটারের ভূক্তভোগী কেয়া বেগম, ময়না আকতার, হাসিবুর রহমান, সোলায়মান আলী প্রমূখ।

অন্যদিকে জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর এর উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম, সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজু প্রমূখ।

'প্রিপেইড মিটার জনস্বার্থবিরোধী' উল্লেখ করে এই মিটার বাতিল এবং পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে স্তব্ধ রংপুর চলাকালে শাপলা চত্তর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সমস্ত যানবহন চলাচল স্বতস্ফুর্তভাবে বন্ধ হয়ে যায়। এসময় পথচারীরা দাঁড়িয়ে যায়। দোকান মালিক, ব্যবসায়ীরা দোকান ছেড়ে রাস্তায় এসে দাঁড়ায়। 

সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, প্রিপেইড মিটার যে জনগণ চায় না, আজকের স্তব্ধ রংপুর কর্মসূচি সফল হওয়ার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। নেসকোর উচিত অবিলম্বে প্রিপেইড মিটার খুলে নিয়ে ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করা।

সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, প্রিপেইড মিটার জনগণের ইচ্ছার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে লাগিয়েছে নেসকো। ভূক্তভোগী গ্রাহকদের অভিযোগ যে,তাদের বিদ্যুৎ ব্যবহার বাড়েনি কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর দ্বিগুণ, তিনগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এই ত্রুটিপূর্ণ, জনস্বার্থবিরোধী মিটার অবিলম্বে বাতিল করতে হবে। 

কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু জাহাজ কোম্পানির মোড়ের সমাবেশে বলেন, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করলেই ২০০/৩০০ টাকা ডিমান্ড চার্জ,মিটার ভাড়া, সার্ভিস চার্জ বাবদ  তাৎক্ষণিক কেটে নেয়া হয়। এটা অন্যায়।আমরা অবিলম্বে এই মিটার বাতিল চাই। 

কর্মসূচি থেকে নেতৃবৃন্দ ঘোষণা দেন, অবিলম্বে এই প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না হলে আগামী ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্হাপনের হাজার হাজার দরখাস্ত সহকারে নেসকো রংপুর অফিস ঘেরাও করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.