পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশে নবীন শিক্ষার্থীদের সহজে অভিযোজিত করা এবং সফল জীবনের জন্য ইতিবাচক মানসিকতা তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘Developing the Mindset for Successful Journey’ বা ‘সফল জীবনের জন্য মানসিকতা তৈরি’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজ তোমাদের জীবনের এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি নিজেকে নতুন করে আবিষ্কার করা এবং ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়।’
তিনি বলেন, মানুষের মধ্যে সাধারণত দুই ধরনের মানসিকতা দেখা যায়—‘ফিক্সড মাইন্ডসেট’ ও ‘গ্রোথ মাইন্ডসেট’। ফিক্সড মাইন্ডসেট মানুষকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা বিশ্বাস করে, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শেখার আগ্রহের মাধ্যমে কঠিন পরিস্থিতিও জয় করা সম্ভব।
পবিপ্রবি উপাচার্য বলেন, ‘আমি চাই পবিপ্রবির প্রতিটি শিক্ষার্থী এই গ্রোথ মাইন্ডসেট নিজের মধ্যে ধারণ করে বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি দিনকে কাজে লাগাবে।’
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পটুয়াখালী-বরিশাল অঞ্চল নদী, খাল ও জলাশয়ে পূর্ণ। তাই শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতিও গুরুত্ব দিতে হবে। দেশের ৬৪ জেলা থেকে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে চলতে হবে, যাতে তারা নতুন পরিবেশে সহজেই অভিযোজিত হতে পারে।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, শুধু শ্রেণিকক্ষের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের লাইব্রেরি ব্যবহার, গবেষণায় মনোযোগী হওয়া এবং নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পুঁথিগত জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নবীনদের যুক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ করে ডিবেটিং সোসাইটি, সাংস্কৃতিক ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি, দলগতভাবে কাজ করার মানসিকতা ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এসব দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন।
সেমিনারে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেছারউদ্দিন আহমেদ।
এ ছাড়া সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ওশানোগ্রাফি অনুষদের ডিন ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর এম. জহুরুল হক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের প্রফেসর আবুল বাশার খান, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুরুল আমিন এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের মো. আব্দুর রহিম।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি নতুন পরিবেশে ইতিবাচক মানসিকতা নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
