× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৯ আগস্ট ২০২৬, ২০:৪৩ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মসূচির স্থলে জড়ো হন।

পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আযমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান শিহাবের সঞ্চালনায় সভায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য দেন।

সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আযম বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিএনপির প্রতিটি কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকেছেন। আগামীতেও দলের যেকোনো কর্মসূচি সফল করতে আমরা সাংগঠনিকভাবে প্রস্তুত থাকব।”

তিনি আরও বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে দ্রুত বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে সংগঠনকে গতিশীল করার পাশাপাশি দলের কর্মসূচি সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া হবে।”

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান শিহাব বলেন, “স্বেচ্ছাসেবক দল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। আন্দোলন-সংগ্রামে এই সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সক্রিয় ছিলেন। আগামী দিনেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নীলফামারী স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন ইউনিট কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো বিভেদ নয়, দলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে শক্তিশালী ভূমিকা পালন করেছে। বিএনপির সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.