× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘হানিট্র্যাপ’ চক্র প্রেমের ফাঁদে ফেলে যুবকদেরকে ব্ল্যাকমেইল

১৮ আগস্ট ২০২৬, ১৯:৪৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে ‘হানিট্র্যাপ’ বা রূপের ফাঁদে ফেলে যুবকদের ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার আকন্দর টেক্সটাইল মিলস সংলগ্ন একটি বাসায়। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার ওই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় সুসংগঠিতভাবে এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। চক্রের নারী সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম বা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন যুবকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত।

সম্পর্ক গভীর হলে কৌশলে তাদের টেপিরবাড়ি আকন্দর টেক্সটাইল মিলস সংলগ্ন একটি নির্দিষ্ট বাসায় দেখা করার জন্য ডেকে আনা হতো। সরল বিশ্বাসে যুবকেরা ওই বাসায় আসামাত্রই চক্রের পুরুষ সদস্যরা সেখানে অতর্কিতে হানা দিত।

ভুক্তভোগী যুবকদের ঘরে আটকে রেখে জোরপূর্বক আপত্তিকর বা অন্তরঙ্গ অবস্থায় ভিডিও ধারণ করাই ছিল তাদের মূল লক্ষ্য। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং পরিবারকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চালানো হতো মানসিক ও শারীরিক নির্যাতন। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগীরা বাধ্য হয়ে তাদের দাবি করা মোটা অঙ্কের টাকা বিকাশ, রকেট বা নগদ অর্থের মাধ্যমে পরিশোধ করত।

সাম্প্রতিক সময়ে এক যুবকের কাছ থেকে একইভাবে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়ে যায়। যুবকের চিৎকারে এবং স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে এলাকাবাসী ওই বাসাটি ঘেরাও করে। হাতেনাতে চক্রের নারী ও পুরুষসহ বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়। আটকের পর উত্তেজিত জনতা তাদের উত্তম-মাধ্যম দেয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় এ ধরনের আর কোনো অপরাধী চক্র সক্রিয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.