× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২ গোল্ড মেডেলসহ আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ঝিনাইগাতীর অভির বিশ্ব রেকর্ড

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৬, ২২:২৬ পিএম

বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে দ্রুততম গণিত সমাধানে বিশ্ব রেকর্ড করেছে শেরপুরের ঝিনাইগাতীর খুদে মেধাবী ইয়াসীন তাফসির অভি। দুইটি গোল্ড মেডেল অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন’ ও ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ শিরোপা লাভ করে বিশ্বজয়ের স্বীকৃতি পেয়েছে সে।

আন্তর্জাতিক অলিম্পিয়াড ফেডারেশনের এডুকেশন পার্টনার ব্রেইন স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াড। শেরপুরের সন্তান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অভির এমন অর্জনকে জেলার জন্যও বড় গৌরবের বিষয় হিসেবে দেখছেন তার পরিবার ও শিক্ষকরা।

অভির এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ থেকেও দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা সনদ। ‘World’s Largest International Abacus Olympiad’ এর এবারের আসরে প্রায় ১৪টি দেশের দেড় হাজার প্রতিযোগী অংশ নিয়েছে বলে আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

২০২৫ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডের প্রথম পর্বে জুনিয়র লেভেলে অংশ নেয় ইয়াসীন তাফসির অভি। প্রথম পর্বে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন’ শিরোপা অর্জনের পর ২০২৬ সালের ২ মার্চ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব। সেখানেও অসাধারণ ফলাফল করে অভি অর্জন করে ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ শিরোপা। দুই পর্বের সাফল্যে তার হাতে ওঠে দুটি গোল্ড মেডেল।

অ্যাবাকাস হলো গণনার একটি বিশেষ পদ্ধতি, যেখানে নির্দিষ্ট কৌশলে দ্রুত হিসাব করার অনুশীলন করা হয়। এর মাধ্যমে শিশুদের গণনাদক্ষতার পাশাপাশি মনোযোগ, স্মৃতিশক্তি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বৃদ্ধি পায়। ইয়াসীন তাফসির অভি অনলাইনে ‘এডুটিউন’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাবাকাস শেখে। ইতোমধ্যে সে জুনিয়র লেভেল সফলভাবে শেষ করেছে। বর্তমানে অ্যাডভান্স লেভেলে অ্যাবাকাসের প্রশিক্ষণ নিচ্ছে সে।

অ্যাবাকাসের পাশাপাশি স্পোকেন ইংলিশেও দক্ষতা অর্জন করেছে অভি। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের প্রতি তার আগ্রহ রয়েছে। পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই নতুন কিছু শেখার প্রতি তার আগ্রহ ছিল।

বর্তমানে ময়মনসিংহ নগরীর ক্যামব্রিজ মডেল স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছে ইয়াসীন তাফসির অভি। সে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ইমরান হাসান রাব্বী ও ঝর্ণা আক্তার দম্পতির বড় ছেলে। তার বাবা ইমরান হাসান রাব্বী একজন গণমাধ্যমকর্মী এবং সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ময়মনসিংহ ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভির আন্তর্জাতিক সাফল্যে পরিবার, আত্মীয়স্বজনসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিশেষ করে শেরপুরের সন্তান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এমন অর্জনে তারা গর্বিত। পরিবারের সদস্যরা মনে করছেন, অভির এই সাফল্য জেলার অন্য শিশুদেরও মেধা বিকাশে উৎসাহিত করবে।

অভির বাবা ইমরান হাসান রাব্বী বলেন, “ছেলের এই অর্জন আমাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের। একই সঙ্গে শেরপুরের সন্তান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। অভি ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনবে, এটাই আমাদের প্রত্যাশা।”

অভির মা ঝর্ণা আক্তার বলেন, “ছোটবেলা থেকেই অভির বিভিন্ন বিষয়ে শেখার আগ্রহ রয়েছে। অ্যাবাকাস শেখার প্রতিও তার অনেক আগ্রহ ছিল। তার এই সাফল্যে আমরা খুবই আনন্দিত। আত্মীয়স্বজনসহ সবাই খুশি এবং গর্বিত।”

অভির প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, অ্যাবাকাসে ভালো করতে নিয়মিত অনুশীলন, মনোযোগ ও দ্রুত হিসাব করার সক্ষমতা প্রয়োজন। অভির শেখার আগ্রহ ও নিয়মিত অনুশীলনই তাকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে সহায়তা করেছে।

দুই গোল্ড মেডেল, ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন’ ও ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ শিরোপা অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছে ইয়াসীন তাফসির অভি। পরিবারের প্রত্যাশা, এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে এই খুদে মেধাবী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.