মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন’ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
এ সময় আরও বক্তব্য রাখেন হোমনা-মেঘনা সার্কেল আব্দুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি), এডভোকেট আজিজুর রহমান মোল্লা, আলহাজ্ব আব্দুল লতিফ, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার, বিক্রয় ও বিস্তারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান।
এর আগে মাদকবিরোধী একটি র্যালি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে হোমনা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।