টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাকে মাদকমুক্ত রাখতে আনসার বাহিনীর বিশেষ অভিযানে এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের নিকটে সোপর্দ করা হয়।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনগুলোতে প্রায়শই মাদকসেবীদের উৎপাত লক্ষ করা যাচ্ছিল। এরই ধারাবাহিকতায়, গত ৯ আগস্ট ২০২৬, রোববার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে অভিযান চালায় আনসার সদস্যরা।
অভিযান পরিচালনা করেন আনসার বাহিনীর পিসি মোঃ মফিজ উদ্দিন। সাথে ছিলেন আনসার সদস্য মো. জাহাঙ্গীর আলম, মোঃ আমিরুল ইসলাম ও মো. জাকির হোসেন। অভিযানে উক্ত পরিত্যক্ত ভবন থেকে কিছু মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয় এক মাদকসেবীকে।
আটককৃত মাদক সেবী খাদেমুল ইসলাম - গোপালপুর উপজেলার সুতী পলাশ গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে অবহিত করা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী গোপালপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃত মাদকসেবীকে তাদের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।