× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনসারের তৎপরতায় ঢাকা বিমানবন্দরে চোর আটক, পুলিশে সোপর্দ

১০ আগস্ট ২০২৬, ১৭:২৮ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টাকালে মো. রিপন মিয়া (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার রাত আনুমানিক ২টার দিকে আবাসিক এলাকার ইউ-৮০ নম্বর বাসার জানালা দিয়ে চোরচক্রের সদস্যরা ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করেন। একপর্যায়ে দুই সহযোগী পালিয়ে গেলেও রিপন মিয়াকে আটক করতে সক্ষম হন আনসার সদস্যরা। অভিযানে এপিসি মো. নাসির উদ্দিনের নেতৃত্বে আনসার সদস্য মো. খাইরুল ও মো. জাহাঙ্গীর হোসেন দায়িত্ব পালন করেন।

ঘটনার পর বাসার সদস্যরা বিষয়টি জানতে পারেন। তারা জানান, পরদিন বাসায় বিয়ের অনুষ্ঠান থাকায় ঘরে মূল্যবান মালামাল রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মিয়া সহযোগীদের নিয়ে এসব মালামাল চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশের চেষ্টা করার কথা স্বীকার করেন। পুলিশ সূত্রে জানা যায়, আটক রিপন মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদক ও চোরাচালানসংক্রান্ত মামলা রয়েছে।

চুরির চেষ্টা ব্যর্থ হওয়ায় বাসার সদস্যরা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন। তাদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার ফলে অপরাধ প্রতিরোধের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.