স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইএনএস) নেওয়া হয়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সটি সাইমনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
সহপাঠীরা জানান, শনিবার (৮ আগস্ট) রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইমন। পরেরদিন রোববার (৯ আগস্ট) সকালে ঘুমন্ত অবস্থায় তিনি খাট থেকে পড়ে গেলে সহপাঠীরা বিষয়টি বুঝতে পারেন। পরে তার শরীর শক্ত হয়ে যাওয়ায় দ্রুত তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হয়।
চিকিৎসকেরা জানান, সাইমনের উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য দ্রুত ঢাকায় নেওয়া প্রয়োজন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়।
সাইমনের সহপাঠী সৌরভ বলেন, সকালে ঘুমন্ত অবস্থায় সাইমন খাট থেকে পড়ে যায়। প্রথমে তারা বিষয়টি বুঝতে পারেননি। পরে তার শরীর শক্ত হয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক ও শিক্ষকদের মাধ্যমে তারা জানতে পারেন, সাইমন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এর আগেও তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানান সৌরভ।
রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সাইমনকে আইসিইউতে ভর্তি করার ব্যবস্থা করা হয়। চিকিৎসকদের মূল্যায়নে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার প্রয়োজন দেখা দেয়। সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য সাইমনের দ্রুত সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।