কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) রোববার (৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, শনিবার (৮ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজিপুর, জামালপুর ও রামষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।
কাজিপুর বর্ডারপাড়া মাঠ থেকে পাঁচ বোতল ভারতীয় মদ, ২০০ প্যাকেট পাতার বিড়ি ও ১২ কেজি জিরাসহ মো. শাকিব ইসলাম (২৪) নামের একজনকে আটক করা হয়।
একই সময়ে নিচপাড়া মাঠ থেকে সাত বোতল স্কাফ সিরাপ ও দুই বোতল ফেয়ারডিল সিরাপসহ মো. বাক্কার (৩৮) নামের আরেকজনকে আটক করা হয়।
এ ছাড়া জয়পুর মাঠপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার রংমহল, জামালপুর ও শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৭১ হাজার ১০০ টাকা।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।