একটি ফোনালাপের অডিও রেকর্ড প্রকাশ ও তা নিয়ে তর্কবিতর্কের জেরে সাতক্ষীরা সদর উপজেলায় জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ অন্তত ১০ নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন—ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, একই গ্রামের আব্দুর রকিব, বকুল হায়দার, ছাত্রদল নেতা জাহিদ হাসান, আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসানসহ আরও কয়েকজন।
আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পী অভিযোগ করেন, শনিবার রাতে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসানের একটি ফোনালাপের অডিও রেকর্ড তাদের হাতে আসে। ওই অডিওতে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ও ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বাপ্পীর ভাষ্য, বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন নাজমুল হাসানের কাছে গেলে তাকে আটকে রাখা হয়। পরে জাহিদকে আটকে রাখার খবর পেয়ে তিনি কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে তিনিসহ অন্তত ১০ জন আহত হন।
বাপ্পী আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
আহত ছাত্রদল কর্মী জাহিদ হোসেন বলেন, অডিও রেকর্ড নিয়ে বিরোধের জেরে তাকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী সেখানে যান। এ সময় ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. নাজমুল হাসান ও তার বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা লাল্টু মেম্বারের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মহসিন আলম হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. নাজমুল হাসান ও লাল্টু মেম্বারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।