× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

০৮ আগস্ট ২০২৬, ১৭:৩৫ পিএম

 সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফাইটার মোরগ, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও ESKUF SYRUPসহ ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, বৈকারী, মাদরা ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার-৪ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ফাইটার মোরগ জব্দ করে।

অন্যদিকে, বৈকারী বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৬ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির আভিযানিক দল একই সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ১০ আরবি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার রাজপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ESKUF SYRUP জব্দ করে।

বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.