বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন শেরেবাংলা নগর থানাস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগের সামনে এক ব্যক্তি এক রোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে ওঠানোর চেষ্টা করছিলেন। বিষয়টি দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) মো. আবু সাইদের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
পরে জরুরি পার্কিং এলাকায় দায়িত্বরত আনসার সদস্য মো. ওবায়দুলের সহযোগিতায় আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
সরকারি হাসপাতালসমূহে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।