ফরিদপুর শহরে দীর্ঘদিন ধরে চলা নিবন্ধনহীন পাঁচটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানের পর আজ মঙ্গলবার দুপুরে এই ব্যবস্থা নেওয়া হয়।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই আল-জারা স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের পর আয়েশা আফরিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অব্যবস্থাপনার বিষয় উঠে আসার পর জেলা স্বাস্থ্যবিভাগ সরেজমিন পরিদর্শন করে।
প্রতিষ্ঠানগুলো হলো, আল জারা স্পেশালাইজড হাসপাতাল, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার।
আজ দুপুর ১২টায় জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান।
তিনি জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিবন্ধন নিশ্চিত এবং রোগীদের মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিতে করতেই এই অভিযান চালানো হয়েছে। অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করে সেবার মান বজায় রেখে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।