রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এতে উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার রোগীরাও বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে মেডিসিন, সার্জারি, গাইনি ও প্রসূতি, শিশু, চক্ষু, নাক-কান-গলা, অ্যানেসথেসিয়া এবং দন্ত বিভাগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখছেন। পাশাপাশি জরুরি বিভাগ, প্রসূতি সেবা, টিকাদান কর্মসূচি, ল্যাবরেটরি পরীক্ষা এবং অন্যান্য স্বাস্থ্যসেবাও নিয়মিত চালু রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা পর্যায়েই বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ায় জেলা শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমেছে। এতে রোগীদের সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন। তিনি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে সরকারি হাসপাতালের সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।