× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর অভিযোগে ৫৪ জনের বিরুদ্ধে মামলা

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

২৭ জুলাই ২০২৬, ২১:৫৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে ৫৪ জনের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক মামলা করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পের পানিতে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে অন্তর্ঘাতমূলক মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। পুলিশ জানায়, রোববার সকালে উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগরে অবস্থিত যৌথ বাহিনীর ক্যাম্প ও পাশের একটি বিদ্যালয়ের ব্যবহৃত পানিতে অস্বাভাবিকতা দেখা যায়। ওই পানি ব্যবহার করার পর কয়েকজন পুলিশ সদস্য শরীরে অস্বস্তি অনুভব করেন।

পানি চোখে-মুখে দেওয়ার পর জ্বালাপোড়া ও দুর্গন্ধ টের পান তারা। পরে দেখা যায়, পানির রং পরিবর্তিত হয়ে সাদা ফেনা সৃষ্টি হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে পানির ব্যবহার বন্ধ রাখা হয়। খবর পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে পানিতে বিষাক্ত কেমিক্যাল মেশানোর আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরীক্ষার জন্য পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিম উদ্দিন বলেন, জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ কারণে একটি সন্ত্রাসী চক্র বিভিন্ন সময় ক্যাম্পের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, এর আগেও ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, হামলার চেষ্টা এবং নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ পানিতে বিষাক্ত পদার্থ মেশানোর ঘটনাতেও তাদের সম্পৃক্ততার বিষয়ে পুলিশের সন্দেহ রয়েছে।

অতিরিক্ত ডিআইজি আরও জানান, দূষিত পানি ব্যবহারের পর ৩ থেকে ৪ জন পুলিশ সদস্য পেটের সমস্যাসহ সামান্য অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ আছেন। পানির পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.