পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে চালক, হেলপার ও কর্মচারীদের জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনতাই এর ঘটনা ঘটেছে। ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাতভর অভিযান চালিয়ে মালামালসহ ট্রাক দুটি উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী মো. বিপ্লব বাদী হয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নবী আলম সদস্য নাম সহ নামীয় ৫ জন এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। এজাহারনামীয় আসামিরা হলেন—পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য নবী আলম, নিজাম, মিজান, রাজিব ও হাজী সেলিম।
ঘটনার বিবরণ ও ভুক্তভোগীর অভিযোগ
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই করে ছয়টি ট্রাক বের হয়। রাত ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল তেলের পাম্প সংলগ্ন একটি ওজন স্কেলে পরিমাপের জন্য ট্রাকগুলো নেওয়া হলে ১০-১২ জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেল নিয়ে সেখানে হামলা চালায়। সন্ত্রাসীরা ট্রাকচালক, হেলপার ও স্কেলের কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে এবং মারধর করে ঝুটবোঝাই দুটি ট্রাক ও নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
লুট করা ট্রাক দুটি প্রথমে পাকশীর নতুন রূপপুর স্কুলের পাশে নিয়ে রাখা হয়। পরে সেখান থেকে পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন মেপে পাবনার বাইপাস সড়ক সংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়।ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দ্রুত অভিযান পরিচালনা করে পাবনার গাছপাড়া এলাকা থেকে জিম্মি ট্রাকচালক ও ঝুটবোঝাই ট্রাক দুটি উদ্ধার করে।
পাবনা ডিবি পুলিশের ইনচার্জ রাশেদুল ইসলাম বুধবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন,
"এটি সাধারণ কোনো ছিনতাই নয়, এটি একটি সুপরিকল্পিত ডাকাতি। খবর পাওয়ার পরপরই রাতভর অভিযান চালিয়ে ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা প্রাইভেটকারে পালিয়ে যায়। তবে জড়িতদের নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি পাবনা জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।