× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান বাজারে উচ্চ শব্দে গান বাজানো ও ইঞ্জিনচালিত ট্রলার প্রবেশে নিষেধাজ্ঞা

ঝালকাঠি প্রতিনিধিঃ

২২ জুলাই ২০২৬, ২০:০৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝালকাঠি সদর উপজেলার প্রখ্যাত পর্যটন কেন্দ্র ভীমরুলি পেয়ারা বাগান এবং ভাসমান বাজারের পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কঠোর নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। এখন থেকে পর্যটন এলাকায় ডিজে সিস্টেম, লাউড স্পিকার ও উচ্চ ভলিউমের সাউন্ড সিস্টেম বাজানো এবং বড় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

গত ২০ জুলাই ২০২৬ তারিখে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান বাজার দেশি-বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত সমাদৃত একটি স্থান। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, স্বাভাবিক পরিবেশ, ইকোলোজিক্যাল ব্যালেন্স এবং স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে প্রধান বিষয়গুলো হলো:

 পর্যটন এলাকায় ডিজে সিস্টেম বা উচ্চ শব্দে কোনো ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।

 বাগানের স্বাভাবিক পরিবেশ ও ইকোসিস্টেম সুরক্ষায় বড় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে প্রবেশ করা যাবে না। তবে পর্যটকদের ছোট ও মাঝারি সাইজের ইঞ্জিনবিহীন নৌকা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

খাবারের উচ্ছিষ্টাংশ, পলিথিন ও প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য পানিতে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং প্রতিটি নৌকায় অন্তত একটি ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

 প্রতিটি ট্রলার বা নৌকায় পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট ও বয়ো রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

 ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো ট্রলার বা নৌকা চলাচল করতে পারবে না।

 অনুমতি ছাড়া পেয়ারা বাগানে প্রবেশ এবং পেয়ারা বা আমড়া গাছের পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ইভটিজিং বন্ধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যটকদের শালীনতা বজায় রাখতে বলা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। ভাসমান পেয়ারা বাজার ও বাগানটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব রাখতে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.