জামালপুরের মেলান্দহে ৪০ গ্রাম হেরোইন সহ মোঃ আনোয়ার হোসেন (২২) ও মোছাঃ শাপলা আক্তার (২১) নামের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। আনোয়ার হোসেন ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে ও মোছাঃ শাপলা আক্তার একই এলাকার মোঃ আবু সাঈদ এর মেয়ে ও আনোয়ার হোসেন এর স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ৮(গ) ধারায় নিয়মিত মামলা দায়ের এর পর বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম।
তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন স্যার এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সদস্যরা জামালপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে আটটায় মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।পরিচালিত এ অভিযানে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্বামী স্ত্রীকে আটক করে ডিবি পুলিশ। স্থানীয় এলাকাবাসীর সম্মুখে তল্লাশি পরিচালনা করে আনোয়ার হোসেনের নিকট হতে ২০ গ্রাম এবং শাপলা আক্তারের নিকট হতে ২০ গ্রামসহ সর্বমোট ৪০ (চল্লিশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা। তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর স্বামী-স্ত্রী এবং তারা হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, জামালপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের কাছে জানিয়ে জনসাধারণকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।