তরী ফাউন্ডেশন পরিচালিত “স্কুল ফর গিফটেড চিলড্রেন (এসজিসি) এর ২২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার গুলশান ক্লাব ক্রিস্টাল প্যালেস এ এক আলোচনা সভা এবং স্কুলের অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহির উদ্দিন স্বপন এমপি, মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান, উপাচার্য, জেডএনআরএফ ইউনিভাসিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এবং ব্যারিস্টার ওমর সাদাত, সভাপতি গুলশান সোসাইটি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহ, চেযারপারসন, তরী ফাউন্ডেশন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও উপদেষ্টা তরী ফাউন্ডেশন, জনাব নিয়াজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড ও উপদেষ্টা তরী ফাউন্ডেশন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিবন্ধীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে বলেন প্রতিবন্ধী শিশুরাও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই সত্যকে অনুধাবন করে তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সিএসআরএস ফান্ড থেকে যাতে তরী ফাউনেশনকে সহযোগীতা করা হয় সে বিষয়ে বেসরকারী প্রতিষ্ঠানগুলো অনুরোধ করেন। তিনি স্কুল ফর গিফটেড চিল্ড্রেনের মহতি কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান বলেন তার বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বিশেষ সুযোগ প্রদান করা হবে। এছাড়াও বিশেষ অতিথি ব্যারিস্টার ওমর সাদাত তরী ফাউন্ডেশনকে সহযোগীতা করার জন্য সকলকে উৎসাহিত করেন।
তরী ফাউন্ডেশন-এর সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মারুফা হোসেন তার স্বাগত বক্তব্যে বলেন আজ ২২ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা আরও বড় একটি স্বপ্ন দেখি। আমরা এমন একটি পূর্ণাঙ্গ শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে চাই, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্করা জীবনের প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
অতঃপর অনুষ্ঠানে স্কুল ফর গিফটেড চিলড্রেন (এসজিসি) এর ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।