× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আট ঘন্টা পর রাজশাহীর রেলপথে স্বস্তি, অবরোধের মুখে বহিস্কার হলেন টিটিই

রাজশাহী ব্যুরো

২১ জুলাই ২০২৬, ২২:১২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উচ্চতর তদন্তে দুটি কমিটি গঠনসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রায় আট ঘণ্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একটি কমিটি রেলওয়ের অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবে। অপর কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন।

এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সুযোগ এবং গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর সিদ্ধান্ত হয়েছে। অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট আবারও সভা হবে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোতে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেছেন। তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, টিটিইর শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেললাইন অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা। এতে কয়েক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। বৈঠকে সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পার্থ প্রতীম আচার্য্য অফিস আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করেন। চিঠিতে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের সময় মঙ্গলবার সুমন আলী একজন যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড হয়েছে। তার এমন কর্মকান্ডে রাজশাহী স্টেশনে অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়েছে। 

ভুক্তভোগী ফুরকান উদ্দিনের অভিযোগ, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে তিনি টিটিইকে সরকারি রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা নিতে দেখেন। এর প্রতিবাদ করলে ওই টিটিই ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি তাঁকে টি-শার্টের কলার ধরে দুই বগির মাঝখানে নিয়ে বেধড়ক মারধর করেন। পরে অন্য যাত্রীরা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সরে যান। 

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করেছেন। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.