× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ৮ ঘণ্টা পর রাজশাহীর সাথে ট্রেন চলাচল শুরু

‎রাবি প্রতিনিধি:

২১ জুলাই ২০২৬, ১৮:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

‎দীর্ঘ আট ঘন্টা বন্ধ থাকার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে বলে জানান তারা। 

‎আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাবি চারুকলা অনুষদ গেইটে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর জিএস সালাহউদ্দিন আম্মার। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।

‎রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমরা মনে করি আমরা বিচার পেয়েছি। আমরা আমাদের জায়গা থেকে মোটামুটি সন্তুষ্ট। সেই প্রেক্ষিতে আমরা এই মূহুর্ত থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। ৬ আগস্টের পর আমরা আবারও এবিষয়ে সকলের সামনে বিস্তারিত তুলে ধরব।’

‎তিনি বলেন, ‘আমাদের আজকের এই কর্মসূচির কারণে অনেক যাত্রী ভোগান্তির শিকার হয়েছে, যার ফলে আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি। এখানে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপাই নাই। একটা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা আপনাদের কাছ থেকে চার/পাঁচ ঘন্টা সময় নিয়েছি।’

‎এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীকে যেই হেনস্তা করা হয়েছিল আমরা সেটির শাস্তি নিশ্চিত করতে পেরেছি। শিক্ষার্থীদের বাকি যেসব দাবি ছিল সেগুলোও মেনে নেওয়া হয়েছে। আমি শিক্ষার্থীদের আহ্বান করবো যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে তারা যেন দ্রুত অবরোধ প্রত্যাহার করে নেন।’

‎এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে ভুক্তভোগী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান উদ্দীন ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার সময় ট্রেনের টিটিই'র অনৈতিকভাবে ঘুষ নেওয়ার প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত টিটিই আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই শিক্ষার্থীকে মারধর করেন। এসময় ওই শিক্ষার্থীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ফোরকান।

‎পরে আজ সকাল সাড়ে ৬ টার দিকে তিনিসহ কয়েকজন বিষয়টি রেলওয়ে স্টেশনে জানালেও কোন ইতিবাচক সাড়া না পেয়ে সুষ্ঠু বিচারের দাবিতে রেললাইন অবরোধ করেন।

‎এদিকে রেললাইন অবরোধের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান।

‎এসময় শিক্ষার্থীরা ৪ দফা দাবি জানালে শিক্ষার্থী প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনারের সভাকক্ষে একটি বৈঠক করেন।

‎বৈঠকে অভিযুক্ত টিটিইকে সাময়িকভাবে বরখাস্ত; উচ্চতর তদন্ত করতে রেলওয়ে কর্তৃপক্ষের একটি ও ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে আরেকটি কমিটি গঠন; ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান; এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে প্রাথমিকভাবে তিনটি ট্রেনের স্টপেজ করার সিদ্ধান্ত হয়। ট্রেনগুলোর মধ্যে রয়েছে পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস এবং সাগরদাড়ী এক্সপ্রেস। 

‎এছাড়াও সার্বিক বিষয়ে অগ্রগতির নিয়ে আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে আরেকটি আনুষ্ঠানিক সভার ঘোষণাও দেওয়া হয়।

‎সভা শেষে বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ বলেন, ‘গতকাল রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ঘটনাটি নিয়ে আমরা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ সকলকে নিয়ে দীর্ঘ সভা করেছি। সভায় শিক্ষার্থীদের উত্থাপিত ৪টি দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা আহত শিক্ষার্থীকে চিকিৎসার ব্যবস্থা করব। তাদের দাবি অনুযায়ী গভীর রাতে রাজশাহীতে প্রবেশ করা ট্রেনগুলোকে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির জন্য নির্দেশনা দিয়েছি। আমরা চাই, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.