× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনসারের তাৎক্ষণিক অভিযানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চোর আটক, উদ্ধার স্বর্ণালংকার

২০ জুলাই ২০২৬, ১৭:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে চুরি যাওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। একই সঙ্গে উদ্ধারকৃত স্বর্ণের কানের দুলটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাসেবাগ্রহীতার এক স্বজন মোছাঃ তাহমিনা বেগম (৪৪)-এর স্বর্ণের কানের দুল চুরি হয়ে যায়। ঘটনার পর তিনি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার গার্ড ইনচার্জ পিসি মোঃ জাকির হোসেনের কাছে সহযোগিতা চান।

অভিযোগ পাওয়ার পর পিসি মোঃ জাকির হোসেন হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন।

এর ধারাবাহিকতায় ১৯ জুলাই ২০২৬ (রবিবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে আনসার সদস্য মোঃ হাসান আলীর সহযোগিতায় হাসপাতালের বহির্বিভাগ-২-এর ৪র্থ তলা থেকে মোঃ হিরা মিয়া (৪৮) নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর হাসপাতালের পরিচালক কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, চুরি করা স্বর্ণের কানের দুলটি তার বাসায় রাখা রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে চুরি হওয়া কানের দুলটি উদ্ধার করে পরিচালক কার্যালয়ে জমা করা হয়।

পরবর্তীতে হাসপাতালের উপপরিচালক মোঃ আজিজ আহমেদের উপস্থিতিতে উদ্ধারকৃত স্বর্ণের কানের দুলটি প্রকৃত মালিক মোছাঃ তাহমিনা বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আটককৃত মোঃ হিরা মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হাসপাতালসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং রোগী-স্বজনদের জানমালের সুরক্ষায় সার্বক্ষণিক পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের সফল অভিযান জননিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর কার্যকর ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.