× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরে নিখোঁজের ২ দিন পর পাটক্ষেতে মিললো ব্যবসায়ীর মরাদেহ

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর)

১৮ জুলাই ২০২৬, ১৩:২১ পিএম । আপডেটঃ ১৮ জুলাই ২০২৬, ১৩:৫১ পিএম

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লোকমান খান ডাঙ্গি এলাকায় নিখোঁজের ২ দিন পর  একটি পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৭) নামে এক ভুসিমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ ফকির গত ১৬ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। তিনি মমিন খাঁর হাটের একজন পরিচিত ভুসিমাল ব্যবসায়ী। তাঁকে খুঁজে না পেয়ে তাঁর ভাতিজা সাইফুল ইসলাম ১৭ জুলাই কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৬০) করেন। 

আজ শনিবার  সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় কৃষক মজিবর সিকদার নিজের পাটক্ষেতে কাজ করতে গিয়ে ইউসুফ ফকিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর পাশেই একটি বিষের বোতল পড়ে ছিল। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কুচক্রী মহল তাঁকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত পরীক্ষা করা হবে।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.